
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে স্ব-শরীরে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং তিনি চাকরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণের পাশাপাশি চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও সম্পন্ন করা বাধ্যতামূলক।
নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সরকার চাইলে এই মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বিবেচিত হলে, কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।
চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ তার নিয়োগ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন :