
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, বিভেদ ও বিভক্তি ভুলে একমাত্র কোরআনের পথেই মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। এই ঐক্য দেশ ও জাতির জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
শনিবার বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছিল।
নিজের বক্তব্যে ড. আজহারী কোরআনের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ না রেখে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জান্নাত লাভের চিন্তা বা নিজের মুক্তি নিশ্চিত করাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। বরং নিজের পাশাপাশি অন্যদেরও সত্যের পথে আহ্বান জানানো প্রতিটি মানুষের দায়িত্ব। সবাইকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :