Facebook Twitter Instagram YouTube

মার্কেট খোলা থাকবে সপ্তাহে তিন দিন রাত ৮টা, তিন দিন ১০টা পর্যন্ত


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ / ০
মার্কেট খোলা থাকবে সপ্তাহে তিন দিন রাত ৮টা, তিন দিন ১০টা পর্যন্ত

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের সরকার পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদি ঋণ প্রদান করবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, এরপরও যদি নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হয়, তবে বিএসটিআই ও সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

দোকান মালিক সমিতি বৈঠকে সারাদেশে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। সমিতির ভাষ্যমতে, অতীতের মতো এখনো সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। যদিও জনসাধারণ একে লোডশেডিং হিসেবে অভিহিত করে, কিন্তু বাস্তবে এটি বিদ্যুৎ বিভ্রাট। সমিতির দাবি, একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। থাইল্যান্ডের মতো একই ধরনের আবহাওয়ার দেশে বছরে মাত্র একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয় উল্লেখ করে সমিতি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভীতি ও অনাগ্রহের বিষয়টিও আলোচিত হয়েছে। সমিতির অভিযোগ, দুই হাজার টাকার কার্ড রিচার্জ করলে মিটারে অনেক কম অর্থ শো করে। ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন চার্জ কাটা হয় এবং মিটার ভাড়া বাতিল হওয়ার পরও পরিপত্র না থাকায় তা এখনো কাটা হচ্ছে। সমিতির পক্ষ থেকে মোবাইল রিচার্জের উদাহরণ টেনে প্রস্তাব দেওয়া হয় যে, গ্রাহক মিটারে যে অর্থ রিচার্জ করবেন তা যেন সরাসরি শো করে এবং অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়। মন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে দেখাবে বলে জানানো হয়েছে। এছাড়া, বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টি তুলে ধরে তা বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী সেই বিষয়েও আশ্বস্ত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh