
ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির বেশ কিছু দায়িত্ব রয়েছে। এর মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি জানান।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পাশাপাশি দখলদারত্বের অবসানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার প্রস্তাব গৃহীত হওয়াকে তিনি স্বাগত জানিয়েছেন।
তারেক রহমান গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই মিশনের দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। এতে তারা নিজেদের স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে বসবাস করতে পারবেন।
আপনার মতামত লিখুন :