
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ঢাকা-জেদ্দা ফ্লাইটের চাকার টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিমানবন্দরের রানওয়েতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরপরই ফ্লাইটটির যাত্রা বাতিল করে উড়োজাহাজে থাকা চার শতাধিক যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড বা ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হচ্ছে। এসময় অনেক যাত্রীকেই এহরামের সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখা গেছে। বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সের কর্মীরা দ্রুততার সঙ্গে যাত্রীদের উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে জড়ো করা যাত্রীদের পরে এয়ারলাইন্সের বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়।
উড়োজাহাজের টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা উড়োজাহাজের টায়ার লক্ষ্য করে পানি ছিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আপনার মতামত লিখুন :