
দীর্ঘদিন বড়পর্দায় অনিয়মিত থাকলেও অভিনয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি বাপ্পারাজ। এবার নতুন একটি সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন এই অভিজ্ঞ অভিনেতা। নির্মাতা এম ডি ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বাপ্পারাজের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপ্পারাজের চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না পরিচালক এম ডি ইকবাল। তিনি বলেন, চরিত্রটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। তবে গল্প এবং চরিত্র দুটোই বাপ্পারাজের পছন্দ হয়েছে এবং তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো অভিজ্ঞ একজন শিল্পী আমাদের সিনেমায় যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। পরিচালক আরও জানান, গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হচ্ছে এবং বাপ্পারাজের চরিত্রটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও শক্তিশালী করবে।
গত ২ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেই আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে, যার অংশ হিসেবে লোকেশন নির্বাচন ও শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘গুলশানের চামেলী’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরও অনেকে। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন।
আপনার মতামত লিখুন :