Facebook Twitter Instagram YouTube

কানাডার সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ /
কানাডার সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। দেশের চলচ্চিত্রের পরিচিত এই দুই তারকা বর্তমানে উত্তর আমেরিকায় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হচ্ছেন, আর অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এই দুই তারকার আন্তর্জাতিক অভিজ্ঞতার পর কানাডায় একই সিনেমায় অভিনয়ের খবরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জায়েদ খান সাম্প্রতিক সময়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করে নতুন নতুন প্রজেক্টে সম্পৃক্ত হওয়া তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর থেকে অধরা খানও বিভিন্ন আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানে স্টেজ শো, বিজ্ঞাপন ও শোবিজের বিভিন্ন কাজের পাশাপাশি হলিউডের প্রজেক্টেও কাজ করছেন তিনি। এমনকি ২০২৬ সালের শুরুতে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া অধরা খান ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। সুলতানপুর সিনেমাটি পরবর্তীতে হিন্দি ভাষাতেও মুক্তি পায়। কানাডায় অবস্থান করলেও দেশের চলচ্চিত্রে তার ব্যস্ততা কমেনি; তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ইউরোপে শুটিং হতে যাওয়া একটি সিনেমার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

কানাডায় নির্মিতব্য এই বাংলাদেশি সিনেমায় অভিনয়ের বিষয়টি জায়েদ খান ও অধরা খান দুজনেই নিশ্চিত করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তীতে সিনেমাটির অন্যান্য বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh