Facebook Twitter Instagram YouTube

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১৫


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ /
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১৫

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর উপজেলার বাটিকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), একই গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০), তুলশিপুর এলাকার সেঙ্গুয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫) এবং বাসের হেলপার রুবেল হোসেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে বাস ও চালককে শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার জেরে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh