
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রণীত নতুন বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। এই বেতনকাঠামো সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শুধুমাত্র একটি প্রজ্ঞাপন নয়, বরং বেতনকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া আইনগত ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কয়েকটি বিষয় এসআরও (SRO) আকারেও প্রকাশ করা হবে। নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়েছিল। এরপর প্রায় ১২ বছর পার হলেও নতুন কোনো বেতন স্কেল দেওয়া হয়নি। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে সময়োপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :