
অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। নতুন বেতনকাঠামো অনুযায়ী, পেনশনভোগীদের পেনশন স্তর বা স্ল্যাব অনুযায়ী মোট পাঁচ ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতনকাঠামো অনুমোদিত হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের লাভ বেশি হবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা তার চেয়ে কম নিট পেনশন গ্রহণকারীরা ১০০ শতাংশ হারে পেনশন বৃদ্ধি পাবেন। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পেনশন বাড়বে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকার ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে এই পদ্ধতি বাস্তবায়নে বিপুল পরিমাণ আর্থিক সংশ্লেষ রয়েছে। এছাড়া অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য না থাকায় সরকার এখনই এটি বাস্তবায়ন করছে না। এর পরিবর্তে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এই পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে অবসরভোগীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্তরভিত্তিক নিট পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :