
ময়মনসিংহের ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার কাকচর রোডের মাথায় সিএনজি চালকরা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, সিএনজিতে নামমাত্র গ্যাস দেওয়া হচ্ছে। একজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, এক-দুই ট্রিপ চালানোর পরই গ্যাস শেষ হয়ে যায়। অথচ একবার গ্যাস নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, যা তাদের আয়-রোজগারের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানার এসআই তালেব ও টি.আই সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় এবং বর্তমানে সড়কটি পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :