
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাউসারের পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই রাজনৈতিক নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন। জামিন না পাওয়া ব্যক্তিরা হলেন বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রহমান।
এর আগে গত ৩১ আগস্ট মামলার বাদী মো. সুমন আদালতে উপস্থিত হয়ে জানিয়েছিলেন যে, আসামিদের সঙ্গে তার আপোষ-মীমাংসা হয়েছে এবং তারা জামিন পেলে তার কোনো আপত্তি নেই। তবে আদালত উভয় পক্ষের সমঝোতার বিষয়টি আমলে না নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ বহাল রাখেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে আসা ২০০ গ্রাম স্বর্ণের গহনা গ্রহণ করতে গিয়ে বিমানবন্দর থানা এলাকায় ছিনতাইয়ের শিকার হন প্রবাসীর ছোট ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী। রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য পরিচয় দিয়ে বোমা হামলার ভয় দেখায় এবং কিল-ঘুষি মেরে ২০০ গ্রাম স্বর্ণ ছিনিয়ে নেয়।
এই ঘটনায় ২৯ আগস্ট বিমানবন্দর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সুমন। এরপর গত শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের ১নং সেক্টর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৯৯ দশমিক ৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাদের তিন দিনের রিমান্ড চাওয়া হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত এবং বুধবার পুনরায় জামিন শুনানির দিন ধার্য ছিল।
আপনার মতামত লিখুন :