
নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কোরআন মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ ওই মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার, আসিফুর রহমান ও পাহাদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিহত ১২ বছর বয়সী সৈয়দ সুলায়মান ইসলাম সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলীর ছেলে এবং ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
নিহত ছাত্রের বাবা সৈয়দ ইকরামুল জানান, বুধবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জানায় যে সুলায়মান অসুস্থ। খবর পেয়ে তারা মাদ্রাসায় গিয়ে ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সুলায়মান মারা যায়। স্বজনদের অভিযোগ, শিক্ষকের মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে মারা গেছে।
অন্যদিকে, মারপিটের অভিযোগ অস্বীকার করেছেন মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন। তিনি বলেন, মাদ্রাসার কোনো শিক্ষক সুলায়মান নামের ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করেনি। তিনি আরও বলেন, ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এবং মাদ্রাসার কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী যে কোনো শাস্তি তারা মেনে নেবেন।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষককে আটক করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :