Facebook Twitter Instagram YouTube

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ /
রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নিয়মিত কার্যক্রমে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির সভাপতি মো. আলী আফজালের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক চিঠির মাধ্যমে মন্ত্রণালয় তাদের আগের নির্দেশনার বিষয়ে এই ব্যাখ্যা প্রদান করে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করেছিল। তবে এই আদেশের মাধ্যমে সংগঠনটির স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

এর আগে, ২৬ জুলাই রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি ও সিনিয়র সহসভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি অভিযোগ উত্থাপন করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার একটি শুনানি করেন এবং এজিএম ৩০ দিনের জন্য স্থগিত করেন। একই সঙ্গে তিনি রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছিলেন।

মন্ত্রণালয়ের সেই নির্দেশনার প্রভাবে গত ১ আগস্ট র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিতব্য এজিএম স্থগিত হয়ে যায়। এছাড়া ১২ থেকে ১৫ আগস্ট হওয়ার কথা থাকা গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়।

পরবর্তীতে রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল ১৬ আগস্ট মন্ত্রণালয়ের নির্দেশনার ব্যাখ্যা চেয়ে চিঠি দিলে মন্ত্রণালয় এই স্পষ্টীকরণ দেয়। রিহ্যাব কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার ফলে সংগঠনের নিয়মিত কার্যক্রম নিয়ে সৃষ্ট সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin