
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকার কার্যকর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে।
সভায় সামাজিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্ক্ষিতভাবে সমুন্নত হয়নি। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যুত্থান ঘটলেও সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়েনি এবং নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকারের বিষয়ে খুব একটা সরব নন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধে সম্পদের উত্তরাধিকার ও সমঅধিকারের ওপর জোর দেওয়া হয়। এতে বলা হয়, কেবল সচেতনতামূলক নীতিকথা দিয়ে নারীর অধিকার অর্জন সম্ভব নয়, বরং উত্তরাধিকার ও সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা জরুরি। মহিলা পরিষদের মতে, সম্পত্তির মালিকানা নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একজন নারীকে নানা প্রতিকূলতা ডিঙিয়ে এগিয়ে যেতে হয়। তার মতে, নারী উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায় থেকে সমর্থন প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, নারীর নিজস্ব সম্পত্তি থাকলে পরিবার ও সমাজে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ার ফলে অনেক নারী পারিবারিক নির্যাতন ও সহিংসতা সহ্য করতে বাধ্য হন।
মহিলা পরিষদের পর্যবেক্ষণ অনুযায়ী, কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লেও জমির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। খাসজমি যৌথ নামে দেওয়ার নীতিমালা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে নারীরা নিয়ন্ত্রণ পান না। এছাড়া সম্পত্তির মালিকানা না থাকায় নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়াও কঠিন হয়ে পড়ে।
সম্পত্তিতে নারীর বৈষম্য দূর করতে মহিলা পরিষদ পাঁচটি সুপারিশ উত্থাপন করেছে। সুপারিশগুলো হলো: উত্তরাধিকারে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে আইন সংস্কার, বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি ও খাসজমিতে যৌথ মালিকানা বাধ্যতামূলক করা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংকঋণ প্রদান, সম্পত্তি থেকে বঞ্চিত নারীদের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করা এবং সামাজিক মানসিকতা পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।
আপনার মতামত লিখুন :