Facebook Twitter Instagram YouTube

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯৫৪ জন রোগী। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৪৭ জন রোগী খুলনা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, বরিশালে ১১৯ জন, রাজশাহীতে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা একজন করে, চট্টগ্রাম বিভাগের একজন এবং খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার একজন বাসিন্দা রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি—মোট রোগীর ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর হার নারীদের ক্ষেত্রে বেশি; মোট ১১১ জনের মধ্যে ৬১ জন নারী (৫৫ শতাংশ) এবং ৫০ জন পুরুষ (৪৫ শতাংশ)। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১ জন। ভৌগোলিক হিসেবে এ বছর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৯০৯ জন এবং সারা দেশে ২৯ হাজার ৬২৩ জন আক্রান্ত হয়েছেন। মাসভিত্তিক হিসাবে আগস্ট মাসে রেকর্ড ২০ হাজার ৫৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যেখানে জুলাই মাসে এই সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন। সেপ্টেম্বরের প্রথম তিন দিনে মোট ৩ হাজার ৬৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন।

বয়সভিত্তিক তথ্যেও তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২১ থেকে ২৫ বছর বয়সী ৫ হাজার ৬৪১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার ৬৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh