
দেশের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অক্সিজেনের তীব্র সংকট মোকাবিলায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ, যা শ্বাসতন্ত্রের রোগের প্রকোপের সময় আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে ৬ থেকে ২৪ মাস বয়সী শিশু ও অল্পবয়সী বাচ্চাদের মধ্যে শ্বাসতন্ত্রের জটিলতা বেশি দেখা যায়। এই অক্সিজেন কনসেনট্রেটরগুলো স্থাপনের ফলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনের মুহূর্তে দ্রুত ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এই সহায়তা প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, স্বাস্থ্য খাতের একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত চাহিদা মেটানোর পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখতে পেরে তারা আনন্দিত।
আইসিডিডিআরবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমীদ আহমেদ জানান, অনেক বেসরকারি ও এনজিও পরিচালিত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। এছাড়া অক্সিজেন কনসেনট্রেটর অত্যন্ত ব্যয়বহুল এবং বর্তমানে অক্সিজেন থেরাপির চাহিদাও বেড়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো শক্তিশালী করতে কাজ করছে। এর আগে ব্যাংকটি কুমুদিনী হাসপাতাল, এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বায়ু থেকে মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদনে সক্ষম প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে।
আপনার মতামত লিখুন :