Facebook Twitter Instagram YouTube

সংসদ অধিবেশন থেকে প্রধান বিরোধীদল জামায়াতের ওয়াকআউট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
সংসদ অধিবেশন থেকে প্রধান বিরোধীদল জামায়াতের ওয়াকআউট

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিকার অধ্যাদেশ বাতিল করে অপেক্ষাকৃত দুর্বল বিল উত্থাপনের অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধীদল জামায়াত। রোববার অধিবেশনের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬-এর ওপর আলোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বান জানান। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের অনুমতি নিয়ে বিল দুটির সমালোচনা করেন এবং ওয়াকআউটের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিলগুলোর বিষয়ে আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈতপ্রয়োগ রয়েছে এবং মানবাধিকার কমিশনকে একটি ইউনিফর্ম অথরিটি বা অভিন্ন ক্ষমতা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের ক্ষেত্রে কমিশন সরাসরি তদন্ত করতে পারলেও কোনো বাহিনীর ক্ষেত্রে তা করা যাবে না। কোনো বাহিনী মানবাধিকার লঙ্ঘন করলে তাদের জবাব দেওয়ার জন্য আগে নোটিশ দেওয়া হবে। প্রথমবার জবাব না দিলে কী হবে, সে বিষয়ে বিলে কোনো নির্দেশনা নেই। আবার জবাব সন্তোষজনক না হলে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে। ডা. রহমানের মতে, রাষ্ট্রীয় কর্মচারী হলেও তারা নাগরিক, তাই একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত হবে আর অন্যজনের ক্ষেত্রে বাধা থাকবে, এমন দ্বৈতপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা আগেই বলেছি এসব আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে। তাই এই আইন পাসের প্রক্রিয়ায় আমরা অংশীদার হব না। এই অবস্থান থেকেই আমরা আলোচনায় অংশগ্রহণ না করে সংসদ থেকে ওয়াকআউট করছি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh