Facebook Twitter Instagram YouTube

ইয়েমেনে নতুন সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
ইয়েমেনে নতুন সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। সামরিক ও চিকিৎসা সূত্রের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি এই হিসাব জানিয়েছে।

মূলত লোহিত সাগরের উপকূলবর্তী এলাকা এবং কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির কাছে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় তাইজ ও দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় লড়াই তীব্র আকার ধারণ করেছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার দিকে হুথি বাহিনী গত বৃহস্পতিবার থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। একই সময়ে হুথির সামরিক সূত্র জানিয়েছে যে, তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছে।

এই সংঘাতের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং বহু বেসামরিক নাগরিক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় তীব্র গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে আনুমানিক ১ হাজার ৭৯০টি পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘাত বাড়ায় ইয়েমেনের ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh