Facebook Twitter Instagram YouTube

টানা দুই ম্যাচে জোড়া গোল: চেনা ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
টানা দুই ম্যাচে জোড়া গোল: চেনা ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল

মৌসুমের শুরুটা বার্সেলোনা সমর্থকদের জন্য কিছুটা উদ্বেগের ছিল, বিশেষ করে তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের গোলখরা নিয়ে। যদিও দল হিসেবে বার্সেলোনা দারুণ ছন্দে ছিল, কিন্তু ইয়ামালের মতো একজন তারকার প্রথম দুই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পাওয়াটা আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেই সংশয় খুব দ্রুতই দূর করেছেন এই স্প্যানিশ তরুণ। রায়ো ভ্যালেকানোর বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের ছন্দে ফেরার বার্তা দিয়েছিলেন।

সেই ধারাবাহিকতা বজায় রেখে গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ইয়ামাল দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। রক্ষণাত্মক ফুটবল খেলা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফারমিন লোপেসের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি। এর কিছুক্ষণ পর লোপেসের সহায়তায় ইয়ামাল আরও একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।

গোল বাতিল হলেও ইয়ামালের দাপট কমেনি। ম্যাচের ৮৪ মিনিটে তিনি আবারও গোল করে দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন। এই ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ইয়ামাল ছাড়াও গোল পেয়েছেন রাফিনিয়া, ফেরমিন লোপেজ ও পেদ্রি। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করার এই কীর্তি বার্সেলোনার আক্রমণভাগে নতুন স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।

আন্তর্জাতিক ফুটবলের সাফল্য ও সাম্প্রতিক নানা টানাপোড়েনের পর মৌসুমের শুরুতে ইয়ামালের চোখেমুখে কিছুটা বিষণ্নতা দেখেছিলেন সমর্থকেরা। সদ্য বিশ্বজয়ের আনন্দ পাওয়া এই তরুণ তারকাকে মাঠে কিছুটা বিমর্ষ মনে হচ্ছিল। তাই তার গোলের চেয়েও সমর্থকদের কাছে বড় প্রত্যাশা ছিল, ক্যাম্প ন্যুতে আবারও চেনা হাসিতে ইয়ামালকে দেখতে পাওয়া। শেষ দুই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠে তার সেই সহজাত প্রাণবন্ত হাসিও ফিরে এসেছে, যা বার্সার আক্রমণভাগে বাড়তি স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh