
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ৩৩ সদস্যের ওই দলটি রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বতে আরোহণের সময় এই আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তেই তুষারের বিশাল স্তূপের নিচে চাপা পড়ে দলটি।
স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, এই ঘটনায় আরও ছয়জন পর্বতারোহী আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকা এবং যেকোনো সময় নতুন করে তুষারধসের ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বর্তমানে ৫০ জনেরও বেশি জরুরি কর্মী নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্ধারকারী দল জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী কোনোমতে পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে দলটির আরও ছয়জন সদস্যের অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে।
আপনার মতামত লিখুন :