Facebook Twitter Instagram YouTube

পণ্য ছাড়াই ৪ লাখ ডলারের রপ্তানি, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ /
পণ্য ছাড়াই ৪ লাখ ডলারের রপ্তানি, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

কনটেইনারে কোনো পণ্যের অস্তিত্ব না থাকলেও কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৯৯২ টাকা) রপ্তানি দেখানোর একটি জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমন পাঁচটি সন্দেহজনক রপ্তানি চালান আটক করা হয়েছে।

এনবিআর-এর তথ্য অনুযায়ী, ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পাঁচটি চালানের মাধ্যমে ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি বা প্রায় ১২১ টন পণ্য রপ্তানির ঘোষণা দিয়েছিল। এসব পণ্যের ঘোষিত মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকা।

গত ৩ সেপ্টেম্বর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে রপ্তানি কনসাইনমেন্ট যাচাইয়ের সময় কাস্টমস কর্মকর্তারা চালানগুলো নজরে আনেন। প্রাথমিক বিশ্লেষণে চালানগুলোর গন্তব্য, পণ্যের ধরন এবং ঘোষিত মোট ওজনের ক্ষেত্রে অসংগতি পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির আমদানি করা কাঁচামালের পরিমাণের তুলনায় ঘোষিত রপ্তানি পণ্যের পরিমাণ অস্বাভাবিক মনে হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য চালানগুলো আটক করা হয়।

দাখিল করা বিল অব এক্সপোর্ট অনুযায়ী, এসব পণ্য ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে রপ্তানি হওয়ার কথা ছিল। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সরেজমিনে ওই ডিপোতে গিয়ে চালানগুলো পরীক্ষণের জন্য উপস্থাপনের নির্দেশ দেন। তবে ডিপো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ঘোষিত কোনো পণ্য কর্মকর্তাদের সামনে উপস্থাপন করতে পারেননি। তাদের পক্ষ থেকে জানানো হয়, রপ্তানির জন্য ঘোষিত পণ্যগুলো ওই ডিপোতে প্রবেশই করেনি।

বর্তমানে সংস্থাটি এই জালিয়াতির প্রতিটি ধাপ তদন্ত করছে। এর মধ্যে চালান প্রস্তুত, বিল অব এক্সপোর্ট দাখিল, ডিপোতে পণ্য প্রবেশের দাবি এবং কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। পণ্য ছাড়াই রপ্তানি দেখানোর এই প্রচেষ্টার বিষয়ে ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টের কাছ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin