
নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে মমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত ময়েন উদ্দিনের স্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রান্নাঘরে কাজ করার সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :