Facebook Twitter Instagram YouTube

চিকিৎসকের ওপর হামলার মামলায় দুই আসামির তিন দিনের রিমান্ড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
চিকিৎসকের ওপর হামলার মামলায় দুই আসামির তিন দিনের রিমান্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার মামলায় সানি সাহা ও ফাহিম ইসরাক লাবিব নামের দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার পর অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের নিজ বাসায় ফিরছিলেন। পথে পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় তার গাড়ির গতিরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন আগে থেকেই পরিকল্পনা করে চিকিৎসককে বহনকারী সিএনজিটি থামায়।

একপর্যায়ে হামলাকারীরা চিকিৎসককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে এবং জীবন ওরফে আদিল ডা. আসাদুর রহমানের ডান চোখে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন। ঘটনার পরদিন ১৮ আগস্ট অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান নিজে বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy