Facebook Twitter Instagram YouTube

ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ /
ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদের মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হলো। নবগঠিত চারটি কমিটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের পাশাপাশি বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাবগুলো পাস হয়। নবগঠিত কমিটিগুলোর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন (প্রতিরক্ষা মন্ত্রণালয়), শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ (জনপ্রশাসন মন্ত্রণালয়) এবং বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলাম (সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি)।

এছাড়া বিদ্যমান কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে, তবে এসব কমিটির সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, কৃষি, মহিলা ও শিশু বিষয়ক, যুব ও ক্রীড়া, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (চট্টগ্রাম-১৫)।

উল্লেখ্য, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh