Facebook Twitter Instagram YouTube

র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন গঠিত হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো ধরনের সম্পর্ক বা সংস্পর্শ নেই বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে এর সকল সম্পদ নতুন এই সংস্থায় হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, স্থায়ী কমিটির প্রতিবেদনে বিরোধী দলের সদস্যদের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা হয়েছে। বিরোধীদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরের সংশোধনীটি ছিল মূলত একটি করণিক ভুল (ক্লারিক্যাল মিস্টেক), যা উপধারা দুইয়ের একটি ব্র্যাকেট বন্ধনী সংক্রান্ত।

বিলটি তড়িঘড়ি করে পাস করা হচ্ছে বলে বিরোধী দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করা আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল। সব পক্ষের দাবি মেনেই র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এই বিল পাসে যত বিলম্ব হবে, র‍্যাবের অস্তিত্ব কিন্তু ততই রয়ে যাবে; বিরোধী দলীয় সদস্যরা কি আসলেই তা চান?

বিল নিয়ে পর্যাপ্ত আলোচনা ও পরামর্শ হয়নি—বিরোধীদের এমন অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম ও দ্বিতীয় অধিবেশন থেকেই আমরা এর ওপর বক্তব্য রাখছি। ক্যাবিনেটে বিবেচনার আগে নিয়ম অনুযায়ী বিলটি দীর্ঘদিন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাখা হয়েছিল। সংসদে উত্থাপনের পর চার-পাঁচ কার্যদিবস ধরে স্থায়ী কমিটিতে এটি নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে বাইরের অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতও বিবেচনা করা হয়েছে।

র‍্যাব থেকে এসআরবিতে স্থানান্তরের সময় নথিপত্র বা রেকর্ড সংরক্ষণের বিষয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেকর্ড হস্তান্তরের বিষয়টি একটি পদ্ধতিগত বিষয় (প্রসিডিউরাল ম্যাটার) এবং এটি বিধি অনুযায়ী রাখা হবে। এছাড়া এসআরবি সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিলের ২৪ ধারার কার্যকারিতা নিয়ে তিনি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ২৪ ধারা অনুযায়ী গঠিত অভিযোগ প্রতিকার কমিটি ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংকট নিরসনের পাশাপাশি বাইরের কোনো ব্যক্তির উত্থাপিত অভিযোগের তদন্তে যথাযথভাবে কাজ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh