Facebook Twitter Instagram YouTube

উজানের ঢলে পদ্মায় পানি বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ২ হাজার পরিবার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ /
উজানের ঢলে পদ্মায় পানি বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ২ হাজার পরিবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি টানা সাতদিন ধরে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নদীতে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু পদ্মাই নয়, জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতেও গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে পানি বেড়েছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা ঘরবাড়ি ও গবাদিপশু নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া, পানি বৃদ্ধির ফলে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

কৃষি খাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকায় ৩৬২ হেক্টর জমির আউশ-আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যে শিবগঞ্জের তিনটি ইউনিয়নের প্রায় ২৫০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ ও শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে আগামীকালের পর নদীর পানি কমতে শুরু করতে পারে। তবে আপাতত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। এরপরও নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার।

(পদ্মা নদীর বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy