
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার (২৭ সেপ্টেম্বর) এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। ত্রাণ কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যটির বিস্তীর্ণ এলাকা জুড়ে হওয়া অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতে এই বিপর্যয় ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়। এর ফলে রাজ্যটিতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার থেকে রোববারের মধ্যে উত্তর প্রদেশে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে এই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত থাকে মাত্র ৭.৬ মিলিমিটার।
ভারতের জনবহুল এই রাজ্যটি জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে নিয়মিতই ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের কবলে পড়ে। তবে ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনার হার বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এসব দুর্যোগের পেছনে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব রয়েছে বলে সতর্ক করেছেন।
আপনার মতামত লিখুন :