
অধিকৃত পশ্চিম তীরে জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা, ভয়ভীতি এবং চরম বাধার মুখে পড়ছেন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর হামলার ঘটনা ৩৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল (পিএইচআরআই)। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনটি তৈরির জন্য মোট ২৫ জন ফিলিস্তিনি চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তারা জানান, নিজেদের পরিচয় স্পষ্টভাবে বহনের পর এবং পোশাক পরা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর বাধার সম্মুখীন হতে হয়। স্বাস্থ্যকর্মীরা শারীরিক নির্যাতন, বন্দুক উঁচিয়ে হুমকি, অপমানজনক তল্লাশি এবং অনবরত মৌখিক গালিগালাজের শিকার হচ্ছেন। এমনকি নিজেদের জীবন ঝুঁকিতে রেখে এবং হামলার শিকার হওয়া অবস্থাতেই তাদের আহত রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হতে হচ্ছে। একজন অ্যাম্বুলেন্সচালক তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, প্রতিটি ফোনকলই এখন আতঙ্কের কারণ এবং বাড়ি থেকে বের হলে আর জীবিত ফেরার নিশ্চয়তা থাকে না।
বাধার কারণে চিকিৎসা না পেয়ে ফিলিস্তিনিদের প্রাণহানির একাধিক ঘটনা ঘটে চলেছে। নাবলুস এলাকার এক প্যারামেডিক জানান, এক রক্তক্ষরণ হওয়া আহত ব্যক্তির খুব কাছাকাছি পৌঁছালেও ইসরাইলি সেনারা তাঁকে এগোতে দেয়নি। তিনি চিকিৎসাবিহীন অবস্থায় দীর্ঘক্ষণ রক্তাক্ত পড়ে থেকে মারা যান। ওই ব্যক্তির মৃত্যুর পরই কেবল সেনারা দুর্ঘটনাস্থল থেকে সরে যায় এবং চিকিৎসাকর্মীরা সেখানে যাওয়ার সুযোগ পান।
প্রতিবেদনের লেখক ইমরান আনাতি পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক ও গণহত্যাভিত্তিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরেও পরিস্থিতির চরম অবনতি ঘটে। তিনি উল্লেখ করেন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের জরুরি স্বাস্থ্যসেবা ধ্বংস করার একটি পরিকল্পিত ও ধারাবাহিক প্রয়াস, যার প্রত্যক্ষ দায় ইসরাইলের।
একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংগৃহীত তথ্যে দেখা গেছে, গত এক বছরেই পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর অন্তত ২৩৩টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৬৫টি হামলাই সরাসরি অ্যাম্বুলেন্সসহ চিকিৎসাসেবা পরিবহনে ব্যবহৃত যানবাহনের ওপর চালানো হয়েছে। এছাড়া ইসরাইলি তল্লাশি চৌকি ও অবরোধের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে দীর্ঘ বিকল্প পথ ঘুরতে হয়, যার ফলে রাস্তায় অনেক রোগী মারা যান এবং অনেক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে পৌঁছানোর আগেই প্রসব করতে বাধ্য হন। এর আগে পিএইচআরআই সতর্ক করেছিল যে, এসব ধারাবাহিক নির্যাতনে পশ্চিম তীরের পুরো স্বাস্থ্যব্যবস্থাই ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :