
রাজধানীর দুই সিটি করপোরেশনের ৩৫টি এলাকা বর্তমানে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় বাসাবাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন বিশেষ কর্মসূচি ও অভিযান পরিচালনা করছে, তবুও কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন যে, অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চার গুণ এবং মৃত্যুর হার তিন গুণের বেশি বেড়েছে। শুধু সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে ৩৫ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, বহির্বিভাগে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্য এতে যুক্ত নেই।
দুই সিটি করপোরেশনের ৩৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেড় শতাধিক হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮টি এলাকার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, মহাখালী, গুলশান, বাড্ডা ও উত্তরা অন্যতম। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি এলাকার মধ্যে ধানমন্ডি, শাহবাগ, সেগুনবাগিচা, খিলগাঁও, লালবাগ ও যাত্রাবাড়ী উল্লেখযোগ্য।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, অনেক এলাকায় ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত লার্ভা পাওয়া গেছে এবং জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, লার্ভা পাওয়া এলাকায় ক্রাশ প্রোগ্রাম চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।
কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের মতে, সেপ্টেম্বরই ডেঙ্গুর সর্বোচ্চ আক্রান্তের সময় নয়। অক্টোবরে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, বর্তমানে চলমান ক্রাশ প্রোগ্রামের কার্যকারিতার ওপরই নির্ভর করছে ডেঙ্গুর পরবর্তী পরিস্থিতি। কার্যকরভাবে এসব কর্মসূচি পরিচালনা করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আপনার মতামত লিখুন :