
ইসলাম সামাজিক রীতিনীতি এবং একে অপরের প্রতি অভিবাদন জানানোর পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে। 'আসসালামু আলাইকুম' শব্দটির অর্থ হলো 'আপনার প্রতি শান্তি বর্ষিত হোক'। এই নান্দনিক অভিবাদন পদ্ধতিটি মানুষের মধ্যকার মনোমালিন্য দূর করে সম্প্রীতির বন্ধন তৈরি করতে সাহায্য করে। শরিয়তের পরিভাষায়, একজন মুসলিম যখন অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতের সময় সালাম দেয়, তখন সে মূলত অপরজনের জন্য ভালোবাসা, বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়া করে। সালাম শব্দের আভিধানিক অর্থই হলো শান্তি ও নিরাপত্তা।
সালামের এই বিধানটি স্বয়ং আল্লাহতায়ালা প্রবর্তন করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ আদম (আ.)-কে তার আকৃতিতেই সৃষ্টি করেছিলেন এবং তার উচ্চতা ছিল ষাট হাত। আল্লাহ তাকে সৃষ্টি করার পর ফেরেশতাদের ওই দলকে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং মনোযোগ দিয়ে শুনতে বলেছিলেন তারা কী উত্তর দেয়, কারণ এটিই হবে তার ও তার সন্তানদের অভিবাদনের পদ্ধতি। আদম (আ.) তখন 'আসসালামু আলাইকুম' বলে অভিবাদন জানান। ফেরেশতারা তার জবাবে 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ' বলে উত্তর দিয়েছিলেন, যেখানে তারা 'ওয়া রাহমাতুল্লাহ' অংশটি বৃদ্ধি করেছিলেন (বোখারি : ৩৩২৬)।
সালামের জবাব উত্তমভাবে দেওয়ার নির্দেশ দিয়ে সুরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 'তোমরা যখন বিশেষ শব্দে সালামপ্রাপ্ত হবে তখন তোমাদের প্রতি প্রদত্ত সালামের চাইতে উন্নত ভাষায় সালাম দেবে। অথবা ওই ভাষায়ই উত্তর দেবে। নিশ্চয়ই আল্লাহতায়ালা প্রতিটি বিষয়ের হিসাব সংরক্ষণকারী।'
সালাম শুধু একটি বাক্য নয়, বরং এটি একটি ম্যাগনেটিক পাওয়ারের মতো কাজ করে, যা মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে। সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত থাকেন এবং বিনয়ী হন। অহংকার শত্রুতা সৃষ্টি করে, আর বিনয় শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। তাই অহংকার নামক ব্যাধি থেকে বাঁচতে প্রত্যেক মুসলিমের উচিত সালামের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। মহানবী (সা.)-এর কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, উত্তম ইসলাম কোনটি? তিনি জবাবে বলেছিলেন, অন্যকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া (বোখারি : ১২)।
সালামের প্রসার ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধির অন্যতম শর্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে। আর তোমরা ঈমানদার হিসেবে গণ্য হবে না, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন কথা বলে দেব না, যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? (আর তা হলো) তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার করবে' (তিরমিজি : ২৬৮৮)।
মুসলমান হিসেবে আমাদের উচিত চেনা-অচেনা সবার সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় করা এবং একে অপরের শান্তি ও কল্যাণ কামনা করা। পাশাপাশি আমাদের সন্তানদেরও এই অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। তাদের সালাম শেখাতে হবে এবং আদান-প্রদানে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। সালামের ব্যাপক প্রচার-প্রসারের মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং একটি সুষ্ঠু ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :