Facebook Twitter Instagram YouTube

হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের পরিকল্পনা সৌদি আরবের, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ / ০
হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের পরিকল্পনা সৌদি আরবের, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক দিক থেকে একযোগে হামলা চালানোর মতো বিকল্পগুলো বিবেচনা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শুরু হতে পারে বলে প্রস্তুতির বিষয়ে অবগত ছয়জন জানিয়েছেন।

প্রস্তাবিত এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো গত মাসে হুতিদের অর্জিত সাফল্য উল্টে দেওয়া। হুতিরা লোহিত সাগর উপকূল ধরে এগিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছিল। সৌদি আরবের নেতারা মনে করছেন, এই প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে থাকা অবস্থায় তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়, কারণ এর মাধ্যমে হুতিরা বিশ্বপরিসরে বড় ধরনের প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, স্থলভাগে অভিযানের নেতৃত্ব দেবেন ইয়েমেনের সেনারা, যাদের রিয়াদ তদারকি করবে। পাশাপাশি সৌদি আরবের বিমান হামলার মাধ্যমে তাদের সহায়তা দেওয়া হবে। অভিযানের ব্যাপ্তির ওপর নির্ভর করে এতে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে। সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী দুটি বিকল্প রয়েছে—প্রথমটি বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকায় সীমিত পরিসরের হামলা এবং দ্বিতীয়টি আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফ প্রদেশসহ ইয়েমেনের একাধিক এলাকায় সমন্বিত ও বিস্তৃত অভিযান।

নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কথা বলার শর্তে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের এই অভিযানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়া আঞ্চলিক ও ইউরোপের কয়েকটি দেশ সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে, তবে এসব মিত্রদেশ সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব, ইয়েমেন সরকার, হুতি গোষ্ঠী এবং মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্রদের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি মনে করেন, এবারের অভিযান ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের তুলনায় অনেক ছোট পরিসরের হবে। তিনি বলেন, 'আদর্শ পরিস্থিতিতে অভিযানটি বেশ সীমিত পরিসরের হবে। এর লক্ষ্য হবে উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এবং সমুদ্রপথে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনা।'

২০১৫ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করলে সৌদি আরব ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও বর্তমানে পরিস্থিতির অবনতি ঘটেছে। হুতিরা সৌদি আরবের জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করায় উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে নতুন এই অভিযান মধ্যপ্রাচ্যের সংঘাতের আরেকটি নতুন অধ্যায় যোগ করতে পারে, যা গাজা ও ইরান কেন্দ্রিক উত্তেজনার ফলে আগে থেকেই অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং এর জেরে গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর অঞ্চলটি সংঘাতে জর্জরিত হয়ে আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo