
পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’ তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) সকালে ৫০টি এতিম ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ দিনের প্রয়োজনীয় বাজারসামগ্রী, যার মধ্যে ১০ কেজি চাল ছিল, দেওয়া হয়েছে।
বাউফল সরকারি কলেজের হলরুমে সকাল ১১টায় আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি দেশের চলমান সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, ২০২৪ পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। ড. মাসুদ ভবিষ্যতেও ‘স্প্রেইড হিউম্যানিটি’র এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং নতুন প্রজন্মের সবাইকে মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা এবং সংগঠনের উপদেষ্টা সোহাগ হোসেন।
এছাড়াও, বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম ও মাওলানা নূরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সেক্রেটারি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘স্প্রেইড হিউম্যানিটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর এবং সহ-শিক্ষা ও ত্রাণ সম্পাদক সাইমুন ইসলাম সাগর যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। দায়িত্বশীলদের ধারাবাহিক প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :