Facebook Twitter Instagram YouTube

৪২ দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ / ০ Views
৪২ দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ৪২ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী।

ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী জানান, নাব্যতা সংকটের কারণে গত ১২ অক্টোবর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে উত্তরবঙ্গের পাবনা ও সিরাজগঞ্জ জেলার যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম এই জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। উত্তর ও দক্ষিণাঞ্চলের দূরত্ব কমাতে ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে নৌপথটি অধিগ্রহণ করে বিআইডব্লিউটিসি। শুরুতে দুটি ফেরি দিয়ে দিনে চারবার যাত্রী ও যানবাহন পারাপারের ব্যবস্থা থাকলেও টেকসই ড্রেজিংয়ের অভাবে নৌপথটি প্রায়ই স্থবির হয়ে পড়ে, যার ফলে যাত্রী ও চালকদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin