Facebook Twitter Instagram YouTube

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ওসিসহ আহত ২


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ / ০
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ওসিসহ আহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে একই সময়ে ও একই স্থানে উভয় দল প্রতিবাদ সভার ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার স্থানীয় একটি মসজিদে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াতের বিরোধের সূত্রপাত হয়। শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের নির্ধারিত কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার সময় সেখানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি কর্মীরা চড়াও হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংঘাত থামাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. শহিদুল ইসলাম জানান, হাতাহাতির সময় তিনি চোট পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin