Facebook Twitter Instagram YouTube

ঢাকা দক্ষিণে কর্মসংস্থানের অভাবে অপরাধে জড়াচ্ছে বিপুল সংখ্যক তরুণ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ / ০
ঢাকা দক্ষিণে কর্মসংস্থানের অভাবে অপরাধে জড়াচ্ছে বিপুল সংখ্যক তরুণ

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশাল জনগোষ্ঠীর মধ্যে দক্ষ যুবসমাজ গড়ে তোলার ক্ষেত্রে এখনো যথাযথ উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ১০৯ দশমিক ২৪ বর্গকিলোমিটার আয়তনের এই সিটিতে ৭৫টি প্রশাসনিক ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর আসন রয়েছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ডিএসসিসির জনসংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জনে, যা ২০১১ সালের আদমশুমারির তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এখানকার ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও বেকারত্বের কারণে তরুণদের একটি বড় অংশ হতাশায় ভুগছে। এই হতাশা থেকে তারা মাদক, জুয়া, চুরি, ছিনতাই এবং অনলাইন জালিয়াতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এছাড়া রাজনৈতিক পরিমণ্ডলে ঢুকে চাঁদাবাজির মতো কর্মকাণ্ডেও তাদের সম্পৃক্ততা বাড়ছে। ওয়ারী বিভাগের বাসিন্দা মো. মিজানুর রহমান, শিবলি সাদিক, আনোয়ার ও শাহিন জানান, ডিগ্রিধারী হয়েও অনেকে বেকার থাকছেন। সরকারি বা বেসরকারি পর্যায়ে দক্ষতা উন্নয়নের কোনো সুযোগ না থাকায় তারা কর্মসংস্থানের বাজারে যোগ্য হয়ে উঠতে পারছেন না।

ডিএসসিসি অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী পারভেজ রানা বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, ১৫-২৯ বছর বয়সি তরুণদের প্রায় ২৮ শতাংশই কর্মসংস্থান বা শিক্ষার সঙ্গে যুক্ত নয়, যা সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। গবেষক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, যুবসমাজ দেশের অগ্রগতির মূল শক্তি। তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।

বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মো. মানিকহার রহমান জানান, প্রতিবছর শিক্ষাক্ষেত্র থেকে প্রায় ২২ লাখ তরুণ বেকার হয়ে বের হয়, যার মধ্যে সরকারি-বেসরকারিভাবে মাত্র ৫ লাখের কর্মসংস্থান সম্ভব হয়। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ২২ থেকে ২৫ শতাংশ তরুণকে আত্মনির্ভরশীল করে তুলছে, যার ফলে সাড়ে ৩ থেকে ৪ লাখ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এছাড়া প্রশিক্ষিতদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে। তবে দক্ষ জনশক্তি গড়ে তোলার অভাব এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটে ঢাকা দক্ষিণ সিটির এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor