
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আনুষ্ঠানিকভাবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই সড়কের নামকরণের প্রস্তাবটি অনুমোদন করেছিল। এর আগে গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের মূল কার্যক্রম পরিচালনা করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু। আড়ম্বরপূর্ণ নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, শাহ মোশাররফ, ডা. মনজুরুল হক ও কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব অনুষ্ঠানে অংশ নেন।
নবনামাঙ্কিত সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিশ্ববিখ্যাত ১১০ তলাবিশিষ্ট ‘উইলিস টাওয়ার’, যা অতীতে ‘সিয়ার্স টাওয়ার’ নামে পরিচিত ছিল। ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে বিবেচিত এই উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামসংবলিত সড়কফলক। নামকরণের প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান, জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, আপসহীন নেতৃত্ব এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিকাগো শহরে বাংলাদেশি কোনো রাজনীতিবিদের নামে সড়ক নামকরণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে শহরটির অন্য একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
আপনার মতামত লিখুন :