
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের একটি অভিনব কৌশল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। এসআরবি-৭, চট্টগ্রামের অভিযানে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা। সোমবার সকালে এসআরবি-৭-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানটি পরিচালিত হয় রোববার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের সামনে অবস্থিত 'মেসার্স হযরত মালেক শাহ' নামক পানের আড়তের সামনে। এসআরবি-৭ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম ফজলুল কাদের (২৯), যিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তার সঙ্গে থাকা পানভর্তি প্লাস্টিকের ঝুড়িতে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ের শপিং ব্যাগে লুকানো অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলুল কাদের জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও কারবারিদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবা ও আটক ফজলুল কাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :