
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ। শনিবার বিকেলে কুমার নদের তীরে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
বিকেল সাড়ে চারটার দিকে প্রতিযোগিতা শুরু হলে কুমার নদের চিরচেনা রূপ মুহূর্তেই বদলে যায়। পানির বুক চিরে সুসজ্জিত নৌকাগুলো একে একে গতি বাড়িয়ে ছুটে চলার সময় মাঝিদের বৈঠার ছন্দে নদীর পানি যেন প্রাণ ফিরে পায়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য দর্শনার্থী করতালি ও উৎসাহের মাধ্যমে প্রতিযোগীদের সাহস জোগান। শুধু তীরের দর্শকরাই নন, ছোট-বড় নৌকা ও ট্রলার ভাড়া করে অনেক তরুণ-কিশোরকেও নদীতে নেমে আনন্দ করতে দেখা যায়, যারা স্পিকারে গান বাজিয়ে প্রতিযোগিতার আবহকে আরও জমজমাট করে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল ইসলাম। মো. ফিরোজ মোল্যার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান মাসুদ, বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) সহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি মো. ফজর খাঁ, চিতার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল মোল্লা এবং মো. মনির মেম্বরসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদূর্গাপুর গ্রামের শফিকের ‘বাংলার টাইগার’ নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করেছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সত্তার ফকিরের ‘ভাই ভাই জলপরী’ এবং তৃতীয় স্থান লাভ করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হুগলাকান্দীর আড়পাড়া গ্রামের ওসমান শেখের ‘সোনার তরী’।
আয়োজকদের মতে, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই প্রতিবছর এই নৌকাবাইচের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাকে ঘিরে একদিনের জন্য নদীর পাড়ে এক বর্ণাঢ্য গ্রামীণ মেলাও বসে, যা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।
আপনার মতামত লিখুন :