
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কড়া সজরদারি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বিকেল চারটার দিকে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবি বিওপি ক্যাম্পের ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন চৌধুরীকে আগরতলা বিমানবন্দরে দেখা গেছে বলে দাবি করা হয়। তারা সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় সমবেত হতে শুরু করেন। পরে বিকেল চারটার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল করে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভকালে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতার চেষ্টা করছে। অপশক্তির কাউকে এ দেশে ঢুকতে দেওয়া হবে না বলেই দলীয় নেতাকর্মীরা সীমান্তে অবস্থান নিয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থান করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছেন। সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়ার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যৌথভাবে সীমান্তসংলগ্ন কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
বিকেলে আখাউড়া স্থলবন্দর ও বিজিবি বিওপি ক্যাম্প পরিদর্শনে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে। সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে নানকসহ একটি দল অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় নির্দেশে ৩টি সীমান্তবর্তী উপজেলার যে কোনো প্রবেশদ্বার দিয়ে নাশকতাকারীদের অবৈধ প্রবেশ রুখে দিতে বিএনপির নেতা-কর্মীরা সীমান্তে পাহারা দিচ্ছেন এবং প্রশাসনও সজাগ রয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন সীমান্ত এলাকায় পুলিশ, বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) টহল জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
নিরাপত্তা বিষয়ে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত টহল বৃদ্ধি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। তবে আখাউড়া দিয়ে কারও প্রবেশের সুনির্দিষ্ট কোনো তথ্য বিজিবির কাছে নেই। অন্যদিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদও জানান, সীমান্ত নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং যেকোনো ধরণের অবৈধ প্রবেশ রোধে জওয়ানরা সতর্ক রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত রবিবার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আসার খবর পাওয়া গিয়েছিল। সেখানে একটি সাদা গাড়িতে করে ইমিগ্রেশন সেন্টারে এসে তাঁরা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন, যদিও এ বিষয়ে বিএসএফ বা স্থানীয় পুলিশ কোনো বক্তব্য দেয়নি।
আপনার মতামত লিখুন :