
কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সোনির সঙ্গে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তের পর বুধবার বিকেলে ওসি ফয়জুল আজিম নোমানকে থানা থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৮ সেকেন্ডের ওই অডিওটিতে ওসির বাসায় যাতায়াত, মামলা, দুই লাখ টাকা লেনদেন ও গ্রেপ্তারের পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন শোনা যায়। ফোনালাপে তাসকিরা তানিন ওসির কাছে সাহায্য চাইলে ওসি তাঁকে যেকোনো মূল্যে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সরাসরি নিজের বাসায় চলে যেতে বলেন। অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ সেখানে যাওয়া নিরাপদ হবে কি না তাসকিরা জানতে চাইলে ওসি আশ্বস্ত করে বলেন, ‘ওসি ঠিক তো সব ঠিক।’ তবে আলাপচারিতার একপর্যায়ে তাসকিরা তাঁকে ‘আংকেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।
ফোনালাপের অন্য অংশে তাসকিরা তাঁর বিরুদ্ধে থাকা মামলা, কারাবাস, জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির বর্ণনা দেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরে পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ধারদেনা করে দুই লাখ টাকা দেওয়ার পরেও পারভেজকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে তাসকিরা জানান, তাঁকে গ্রেপ্তারের স্বার্থে প্রয়োজনে কিডনি বিক্রি করে হলেও তিনি পুলিশকে টাকা দেবেন। কথোপকথনে মেয়ের অসুস্থতার কারণে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করার কথা জানান তাসকিরা।
অন্যদিকে ওসি ফয়জুল আজিম নোমান তাঁকে রাজনীতি, স্বার্থ ও আর্থিক হিসেব-নিকেশের বাইরে থেকে যোগাযোগ বজায় রাখার পরমর্শ দেন। অডিওতে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি গোপন রাখার কথা ওসি বলেছিলেন বলে তাসকিরা দাবি করলেও ওসি ফয়জুল আজিম নোমান তা অস্বীকার করেন। তবে ফোনালাপের সত্যতা স্বীকার করে ওসি দাবি করেন, কোনো আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে এটি একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে নিজ বাসা থেকে তাসকিরা তানিনকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পরেই ফোনালাপটি প্রকাশ্যে আসে। অডিও ফাঁসের পর এক ভিডিও বার্তায় তাসকিরা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি নোমান তাঁর শ্লীলতাহানি করেছিলেন।
ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানিয়েছেন, ওসির বিরুদ্ধে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :