
গ্রামীণ হাটের শতবর্ষী বটগাছ কিংবা শহরের মেঠোপথে হঠাৎ দাঁড়িয়ে থাকা পাকুড়গাছ—এগুলোর অধিকাংশই মানুষের হাত দিয়ে রোপণ করা হয়নি। পাখির মলত্যাগের মাধ্যমে ছড়িয়ে পড়া বীজ থেকেই প্রকৃতির বুকে জন্ম নেয় বট, পাকুড়, ডুমুর ও ইন্ডিয়ান চারকোল ট্রি বা জীবনগাছের মতো নানাবিধ উদ্ভিদ। মানুষ সরাসরি এসব গাছের বীজ বপন করলে সাধারণত চারা গজায় না, কারণ বীজ অঙ্কুরোদ্গমের উপযোগী হতে পাখির পরিপাকতন্ত্রের একটি বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন পড়ে।
গাছগুলোর বীজ গজানোর এই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমদ খান জানান, বট বা ডুমুরজাতীয় গাছের ফল যখন পাখি খায়, তখন পরিপাকতন্ত্রের নির্দিষ্ট তাপমাত্রা, অম্ল ও এনজাইমের সংস্পর্শে এসে বীজগুলো অঙ্কুরোদ্গমের উপযোগী হয়। পরবর্তীতে পাখির বিষ্ঠার সঙ্গে এসব বীজ মাটিতে পড়লেই কেবল নতুন চারা জন্ম নিতে পারে।
খ্যাতমান পাখিবিশারদ ইনাম আল হক জানান, হরিয়াল, কোকিল ও বুলবুলি পাখি এসব গাছের বিস্তারে প্রধান ভূমিকা পালন করে। হরিয়ালের মূল খাদ্যই হলো বটের ফল, আর কোকিল বিচরণ করে বট ও পাকুড়গাছে। জীবনগাছের ফল ছোট হওয়ায় বুলবুলির মতো ছোট পাখিরা তা খেয়ে থাকে। সরাসরি এসব ফল এনে মাটিতে লাগালে গাছ হয় না; পাখির পেটের ভেতরে বীজগুলোকে একধরনের প্রক্রিয়াজাত বা সেদ্ধ হয়ে আসতে হয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বা আগুনে বন ক্ষতিগ্রস্ত হলে ধনেশের মতো বড় পাখিরা বীজ ছড়িয়ে নতুন বন তৈরিতে সাহায্য করে।
ভারতের একটি গবেষণার তথ্য উল্লেখ করে ইনাম আল হক জানান, একটি ধনেশ পাখি বছরে ১৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২৪ থেকে ২৬ হাজার বীজ ছড়িয়ে একটি ছোটখাটো বন তৈরি করতে সক্ষম। তাই পাখি বিলুপ্ত হলে প্রাকৃতিক বনায়ন প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে মূলত তিন প্রজাতির ধনেশ দেখা যায়। এর মধ্যে রাজধনেশকে ২০২০ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ জোট (আইইউসিএন) সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। উদয়ী পাকরা ধনেশ ‘লিস্ট কনসার্ন’ বা কম হুমকির মুখে রয়েছে, আর পাতাঠুঁটি ধনেশ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। প্রজননকালে গাছের কাণ্ডের প্রাকৃতিক কোটরে বাসা বেঁধে থাকা স্ত্রী ধনেশকে বাইরে থেকে খাবার জোগায় পুরুষ ধনেশ। এসব পাখি মূলত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়।
শুধু বনায়নই নয়, জলজ বাস্তুতন্ত্র ও মাছের বৃদ্ধিতেও পাখিরা বড় অবদান রাখে। হাওরে সারা দিন পাখির সারারাত ও দিনের ডুব সাঁতারের ফলে পানিতে ঢেউ সৃষ্টি হয়, যা পানিতে অক্সিজেন ঘোরাতে সাহায্য করে—যেমনটি কৃত্রিমভাবে কৃত্রিম মৎস্য খামারে যন্ত্র বসিয়ে করা হয়। পাশাপাশি সিলেটের হাওরাঞ্চলে প্রতিদিন প্রায় আড়াই টনের মতো নাইট্রোজেনসমৃদ্ধ পাখির বিষ্ঠা সার হিসেবে পানিতে মিশে যায়। এই সার শৈবাল তৈরিতে সাহায্য করে, যা খেয়ে হাওরের মাছ ও উদ্ভিদ টিকে থাকে। যেসব হাওরে পাখি থাকে না, সেখানে কিছুদিনের মধ্যে মাছের দেখা মেলা কঠিন হয়ে পড়ে।
কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও পাখির ভূমিকা অপরিসীম। বিশ্বখ্যাত পাখিবিষয়ক সাময়িকী ‘দ্য অকে’ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ৭০ থেকে ৭৫ শতাংশ পাখিই পোকাখেকো। বাংলাদেশে পাওয়া ৭০০ প্রজাতির পাখির মধ্যে প্রায় ৫০০ প্রজাতি পোকা খেয়ে বেঁচে থাকে, ১০০ প্রজাতি মাছ এবং বাকি ১০০ প্রজাতি ফল, বীজ বা সর্বভুক। সুন্দরবনে শীতকালে ৮০ থেকে ৯০ লাখ এমনকি ১ কোটি পর্যন্ত ছোট পাখি অবস্থান করে। তারা কেওড়া ও কাকড়াগাছের পাতা আক্রমণকারী পোকা খেয়ে বন রক্ষা করে। গাছে কৃত্রিম বিষ স্প্রে না করেও সুন্দরবনের টিকে থাকার মূল রহস্য এই পাখি। পাখি না থাকলে প্রকৃতির এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং মানবজাতির অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :