Facebook Twitter Instagram YouTube

ডিজিটাল প্রতারণা রোধে সচেতনতা বাড়াতে শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ / ০
ডিজিটাল প্রতারণা রোধে সচেতনতা বাড়াতে শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ ৪ অক্টোবর শুরু হচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে এই সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এবারের আয়োজনে ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগসংক্রান্ত ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এছাড়া এই বৈশ্বিক প্রচারণার মূল স্লোগান হলো—‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন।’

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি, ডিজিটাল প্রতারণা শনাক্ত করার সক্ষমতা তৈরি করা, আর্থিক সচেতনতা বাড়ানো এবং তথ্যনির্ভর বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা, সুরক্ষা এবং ডিজিটাল প্রতারণাসহ বিভিন্ন বিনিয়োগ ঝুঁকি নিয়ে বিশদ আলোচনা হবে। একই সঙ্গে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের অন্যান্য সদস্য, সরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং পুঁজিবাজারের মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশব্যাপী বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের আরও সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din