
টানা দুই দিনের অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাগুলো স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার গভীর রাতে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতেই পৃথক দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চট্টগ্রাম নগরীতে সোমবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলোশহর স্টেশনে আটকা পড়েছে। জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে থাকায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
আপনার মতামত লিখুন :