Facebook Twitter Instagram YouTube

ইরানের হত্যার তালিকায় আমি এক নম্বরে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ /
ইরানের হত্যার তালিকায় আমি এক নম্বরে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের তথাকথিত ‘হত্যার তালিকায়’ তার নাম এক নম্বরে রয়েছে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, সম্প্রতি এমন একটি তালিকা প্রকাশ হয়েছে যেখানে তিনি তালিকার শীর্ষে রয়েছেন, যদিও তিনি রসিকতা করে বলেন যে টিকটকে এক নম্বরে থাকাটা তার কাছে বেশি পছন্দনীয়।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ট্রাম্প জানিয়েছেন, তিনি কাতারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং বিমানে করে দেশে ফিরবেন না। এর পরিবর্তে তিনি আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি বিমানে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প জানান, জুন মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তার অভিযোগ, তেহরান বারবার এই চুক্তি ভঙ্গ করছে এবং তিনি এ নিয়ে মোটেও সন্তুষ্ট নন। ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের রাডার স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌযানে পাল্টা হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে, ইরান গত পাঁচ দশক ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করছে। তিনি জানান, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের ২৮টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজনে আরও নৌযান লক্ষ্যবস্তু করা হবে। তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এসব সংঘর্ষে কোনো মার্কিন সেনা হতাহত হননি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার মতে, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকলে তারা তা ব্যবহার করত। কূটনৈতিক সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেবে না বলে তিনি সতর্ক করেন। এছাড়া তিনি দাবি করেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের পানি ও বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোতে হামলা চালাতে পারে এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি নতুন করে অবরোধ আরোপ করতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে বর্তমান এই চুক্তি টিকে থাকবে বলে তিনি মনে করেন না।