
মেয়েদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে অনার্স বা ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের একটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সরকার অতীতে মেয়েদের এইচএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার এখন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিও চালু করেছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, শুধু শিক্ষা বিনামূল্যে করাই নয়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।
একই অধিবেশনে নারী সংসদ সদস্য শাম্মী আক্তারের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে এই সব শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :