Facebook Twitter Instagram YouTube

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, আহভাজে নিহত ৩


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ /
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, আহভাজে নিহত ৩

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার দিবাগত রাতে ইরানে আরও এক দফা বড় ধরনের হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং উপকূলজুড়ে থাকা সামরিক অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল।

এই হামলায় ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজের কাছে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি জানিয়েছেন, ভোরের দিকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট আহভাজ শহরের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। বর্তমানে সেখানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।

এর আগে গত মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল। এই ধারাবাহিকতায় সর্বশেষ বুধবারের এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইরান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা জবাব হিসেবে কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে।

আইআরজিসি যুক্তরাষ্ট্রের এই নতুন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। মঙ্গলবারের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছিলেন। এ ছাড়া ইরানের বন্দর আব্বাস ও চাবাহার অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।