
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। তাদের বাড়ি ভাড়া ভাতা আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চলতি জুলাই মাস থেকে শিক্ষকরা তাদের মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। তবে বাড়ি ভাতার সর্বনিম্ন সীমা ২ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার (৮ জুলাই) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে শিক্ষকরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাচ্ছেন, যার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে এর সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হবে।
মাউশি জানিয়েছে, এমপিও নীতিমালা এবং সরকারের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরাই এই সুবিধার আওতায় পড়বেন। তবে বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে, ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই খাতে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও মাউশি সতর্কবার্তা দিয়েছে।
আপনার মতামত লিখুন :