
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং সরকার পুরো ব্যবস্থাটিই ঢেলে সাজাচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের অসাধুতা বরদাশত করা হবে না।
পরীক্ষা সংক্রান্ত সংস্কারের বিষয়ে মন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। এই সংশোধনের ফলে এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৩ হাজার ৮৯ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছে। এছাড়া পরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার সময় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও মন্ত্রীর আলোচনায় উঠে আসে। তিনি জানান, প্রশাসনিক দুর্বলতার কারণেই ওই কেন্দ্রে সমস্যা হয়েছিল। পরে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও মাত্র ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গুগলের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। তবে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, শুধু প্রযুক্তির ওপর নির্ভরশীল না হয়ে তথ্যের পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
আপনার মতামত লিখুন :