
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গত ৪ অক্টোবর রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় এই সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে ইতোমধ্যেই সম্মতি জানিয়েছেন।
সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া পদক্ষেপ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ বিদ্যাপীঠের পাশাপাশি রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন। তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :